ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (আসন নং-২৯৬) নির্বাচনী এলাকায় বাংলাদেশ লেবার পার্টির মনোনীত প্রার্থী জগদীশ বড়ুয়ার প্রার্থিতা থেকে দলীয় সমর্থন প্রত্যাহার করেছে দলটি।
বুধবার (১১ ফেব্রুয়ারি, ২০২৬) বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান স্বাক্ষরিত এক পত্রে কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসককে এই সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির যৌথ সিদ্ধান্তে এই সমর্থন প্রত্যাহার করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, জগদীশ বড়ুয়া যেন লেবার পার্টির নাম, প্রতীক (আনারস) বা পরিচয় ব্যবহার করে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা, এজেন্ট নিয়োগ বা ভোটকেন্দ্রে কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এই চিঠির অনুলিপি প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে কথা বলতে কক্সবাজার ৩ আসনের প্রার্থী জগদীশ বড়ুয়ার মুঠফোনে বেশ কয়েকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নিজস্ব প্রতিবেদক: 























