কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ আয়েশা বেগম (৫৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
বুধবার ভোর ৩টা ৪০ মিনিটে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকায় তার নিজ বসতবাড়িতে এই অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সিপিসি-২, র্যাব-১৫-এর একটি দল উত্তর বড়বিল এলাকায় আয়েশা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করে।র্যাবের উপস্থিতি টের পেয়ে পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘর তল্লাশি করে তার শয়নকক্ষের খাটের নিচে রাখা একটি কালো কাপড়ের ব্যাগের ভেতর থেকে ৫০টি এয়ারটাইট পলিথিন প্যাকেটে মোট ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আয়েশা বেগম উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর বড়বিল এলাকার মৃত সুলতান আহমদের স্ত্রী। উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক।
নিজস্ব প্রতিবেদক: 






















