কক্সবাজার শহরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার বিরোধী অপরাধে দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ এর নেতৃত্বে সদর উপজেলার সুগন্ধা ও সরকারি কলেজ গেইট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সুগন্ধা এলাকার ‘গ্রান্ড মেজবানি হোটেল’কে খাদ্য কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানা, কাঁচা ও রান্না করা খাবার একই ফ্রিজে সংরক্ষণ করা এবং ডিটারজেন্ট দিয়ে ডিশ ওয়াশ করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সরকারি কলেজ গেইট এলাকায় মেয়াদোত্তীর্ণ রং বিক্রির অপরাধে ‘মেসার্স রহমান ইলেকট্রনিক এন্ড হার্ডওয়্যার’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে একই সাথে ওই এলাকার ফলের দোকান, মুরগির দোকান, মাংসের দোকান ও মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করা হয়। এসময় ব্যবসায়ীরা মূল্য তালিকা প্রদর্শন করছে কিনা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছে কিনা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বা ব্যবহার করছে কিনা এবং সঠিক ওজনে পণ্য কেনাবেচা হচ্ছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে সচেতন করা হয়।
নিজস্ব প্রতিবেদক 




















