চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ সন্তোষ কুমার দাশ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের তুলাতুলী বাজার এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।নিহত সন্তোষ কুমার দাশ উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বার আউলিয়া কলেজের পশ্চিমের বৈরাগী পাড়ার বাসিন্দা।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের ডিউটিরত ফায়ারম্যান মোহাম্মদ সজিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পুকুরে এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার খবর পেয়ে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে আসে। পরে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে সন্ধ্যা ৬টার দিকে পুকুর থেকে সন্তোষ কুমার দাশের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ওই বৃদ্ধ গোসল করতে পুকুরে নেমেছিলেন বলে জানা গেছে। তবে ঠিক কীভাবে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আবদুল্লাহ জানান , “বিষয়টি আমাদের কেউ অবগত করেনি”।
লোহাগাড়া প্রতিনিধি: 
























