চট্টগ্রামের পটিয়া থেকে ছিনতাই হওয়া চিনিবোঝাই কাভার্ডভ্যানের ১৪৪ বস্তা চিনি বান্দরবানের লামা থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার আজিজনগর ইউনিয়নের চাম্বি মফিজ বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব চিনি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মেঘনাঘাটের মেঘনা সুগার মিল থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী সিরাজুল ইসলামের ২৮ টন চিনি নিয়ে একটি কাভার্ডভ্যান চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নাসিরাবাদ এলাকায় একটি কারখানায় ১৩ টন চিনি খালাসের পর বাকি ১৫ টন চিনি পটিয়ার ফুলকলি কারখানায় নেওয়ার কথা ছিল।
তবে বুধবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার মনসা বাদামতল এলাকায় চালক আলমগীরকে (৪৫) অচেতন ও অসুস্থ অবস্থায় উদ্ধার করেন অন্য চালকরা। পরে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চালকের দাবি, তাকে বিষাক্ত ইনজেকশন দিয়ে অচেতন করে চিনিসহ কাভার্ডভ্যানটি ছিনতাই করা হয়।
ছিনতাই হওয়া চিনির আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা এবং কাভার্ডভ্যানটির মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানা গেছে।
ঘটনার পর লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় পটিয়া থানা পুলিশ ও আজিজনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা চাম্বি মফিজ বাজারের কয়েকটি দোকানে অভিযান চালিয়ে ১৪৪ বস্তা চিনি উদ্ধার করেন।
আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ১৪৪ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, অভিযান চলমান রয়েছে। বান্দরবান থেকে কিছু চিনি উদ্ধার করা হয়েছে। বাকি চিনি উদ্ধারের পাশাপাশি ছিনতাই ও চোরাই মালামালের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
লামা প্রতিনিধি: 
























