চট্টগ্রামের সাতকানিয়ায় ওভারটেক করতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়েছে একটি বাস। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত ও চালকসহ চারজন আহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের নয়াখালের মুখের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার কেশব চক্রবর্তীর ছেলে রিগেন চক্রবর্তী (৩৭) এবং চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের শান্তির বাজার এলাকার আহমদ নবীর ছেলে মো. রিয়াদ (২৬)। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, কক্সবাজারগামী স্বাধীন পরিবহনের বাসটি একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা দোহাজারীগামী সিএনজিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
একই সময় একটি ভ্যানও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় রিয়াদ ও রিগেন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুস সাত্তার জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় বাসটি কেরানীহাট এলাকা থেকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
লোহাগাড়া প্রতিনিধি 























