বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান।
সভায় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক, বিএনপি বান্দরবান জেলা কমিটির সদস্য নুরুল আলম কোম্পানী, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী হামিদা চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলিম বাহাদুর, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, যুবদল নেতা আবু সুফিয়ান ও ছাত্রদল নেতা শাহাদাতসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, জাতীয় জীবনে ঐক্য, সংহতি, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে বিভেদ ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হাসান জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা এবং সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি। 






















