কক্সবাজারে বিনা দোষে ঢালাওভাবে কাউকে গ্রেফতার না করতে বিশেষ অনুরোধ জানিয়েছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
শনিবার (৭ নভেম্বর) সকালে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অনুরোধ জানান।
বক্তব্যের শুরুতেই দেশের সামগ্রিক পরিস্থিতি ও নাগরিক কর্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “সবাইকে নাগরিক দায়িত্ব পালন করতে হবে, সব রাজনৈতিক দলগুলোকেও সমানভাবে নাগরিক দায়িত্ব পালন করতে হবে।”
কক্সবাজারের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশ্যে এমপি কাজল বলেন, কক্সবাজারের পুলিশ সুপার ও জেলা প্রশাসককে অনুরোধ করব ঢাকা যদি পরিবর্তন হয়, কক্সবাজারে অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। এখানে বিনা দোষে কাউকে গ্রেফতার করবেন না। যারা সহিংসতা সৃষ্টি করতে চায়, কেবল তাদেরকেই গ্রেফতার করেন; ঢালাওভাবে সবাইকে গ্রেফতার করবেন না।
কক্সবাজারের মূল অপরাধের ক্ষেত্রগুলো চিহ্নিত করে তিনি আরও বলেন, এখানে বেশিরভাগ মারামারি ও বিশৃঙ্খলা হয় মাদক এবং চোরাকারবার নিয়ে। এ ধরনের বড় অপরাধ যারা করে, আপনারা তাদেরকে গ্রেফতার করেন। অথচ ইদানীং দেখা যাচ্ছে, এসব অপরাধের বিষয় নিয়ে যারা সামাজিক আন্দোলন বা প্রতিবাদ করছে, তারাই নানাভাবে হেনস্তার শিকার হচ্ছে।
আলোচনা সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঐতিহাসিক অবদান তুলে ধরে লুৎফুর রহমান কাজল বলেন, “দেশের প্রতিটি রাজনৈতিক পটপরিবর্তনে জিয়াউর রহমান ও তাঁর দল নেতৃত্ব দিয়েছে। বিএনপি বাংলাদেশকে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জিয়াউর রহমান একজন সামরিক ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও মনেপ্রাণে গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন। ১৯৭১ সালের ২৬শে মার্চ জাতি যখন চরম নেতৃত্বশূন্যতায় ভুগছিল, তখন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ঠিক একইভাবে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর তিনি জাতি গঠনে ঐতিহাসিক ভূমিকা ও দিকনির্দেশনা দেন।”
রাহুল মহাজন: 

















