১৯৮১ সালের ৭ জুলাই, মাত্র দেড় বছর বয়সে দত্তক নেওয়া পরিবারের সঙ্গে নেদারল্যান্ডস পাড়ি জমান কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মালুমঘাটে জন্ম নেওয়া সেলিনা গোমেজ।
৪৫ বছর পর জন্মস্থানে ফিরে এসে তিনি খুঁজে বেড়াচ্ছেন নিজের মা-বাবা ও পরিবারকে। চকরিয়ার মালুমঘাট, খুটাখালীসহ বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে লিফট হাতে নিয়ে পরিবারের সন্ধানে সেলিনা যাচ্ছেন মানুষের দ্বারেদ্বারে।
তার সংগ্রহে আছে শৈশবের একটি ছবি ও নেদারল্যান্ডস গমনকালীন পাসপোর্টের ফটোকপি, যেখানে সেলিনার জন্ম তারিখের পাশাপাশি জাতীয়তা বাংলাদেশি লেখা রয়েছে তবে তিনি বর্তমানে নেদারল্যান্ডসের নাগরিক।
২৮ অক্টোবর বাংলাদেশে আসা সেলিনা গোমেজ বাংলায় কথা বলতে পারেন না, ৪৬ বছর বয়সী এই নারী বেড়ে উঠেছেন দত্তক নেওয়া ডাচ পরিবারে।
ইংরেজি ভাষায় তিনি (অনুবাদকৃত) বলেন, ‘ আমি আমার মা-বাবাকে খুঁজছি, আমি উনাদের খুবই মিস করছি। আমি তাদের মনে করতে পারছি না তবে জানি আমার মায়ের নাম হেলেনা গোমেজ ও বাবার নাম বেনেডি গোমেজ। আমি নেদারল্যান্ডসে একা অনুভব করি আশা করি আমি মা-বাবা সহ আমার পরিবারকে খুঁজে পাবো।’
তিনি আরো বলেন, ‘ আমার জন্ম মালুমঘাটে, একজন মহিলা আমাকে মাত্র দেড় বছর বয়সে ঢাকায় নিয়ে যায় সেখান থেকে আমাকে এডপ্ট করে একটি ডাচ পরিবার নেদারল্যান্ডস নিয়ে যায়। আমি তাদের কাছে আদর-যত্মেই বড় হয়েছি, কিন্তু আমার আসল পরিবার বাংলাদেশে যাদের সাথে আমি আবার একত্রিত হতে চাই।’
সেলিনা গোমেজের গাইড (ভ্রমণ সহকারী) হিসেবে সাথে রয়েছেন রাসেল আলম নামে এক যুবক। তিনি ঢাকাপোস্টকে জানান, ‘ নেদারল্যান্ডস থেকে সেলিনা এর আগেও একাধিকবার পরিবারের সন্ধানে বাংলাদেশে এসেছেন। এবার ও তিনি আরো ১০-১৫ দিন এখানে থাকবেন, আমরা একসাথে তার পরিবার খুঁজে পেতে চেষ্টা করে যাবো।’
যদি সেলিনা গোমেজের পরিবারের সন্ধান কেউ পান অথবা তার পরিবারের কোন সদস্যের কাছে সেলিনার বাংলাদেশে অবস্থানের খবর পৌঁছায় তাহলে ০১৭১৮-৬০৪৩৪৭ নম্বরে অথবা ইমেইল ঠিকানা findfamily1402@gmail.com এ যোগাযোগ করে তথ্য দেওয়ার অনুরোধ জানান রাসেল আলম।
জ্যেষ্ঠ প্রতিবেদক 




















