চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলাকালে সংবাদ সংগ্রহের সময় চ্যানেল ওয়ানের চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন ও ক্যামেরাপারসন অমিত দাশের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। পৃথক বিবৃতিতে এ ঘটনার জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক নেতারা।
বৃহস্পতিবার (২১ মে) ঘটনার পর চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। যৌথ বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা শুধু গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী নয়, বরং আইনের শাসনের প্রতিও চরম অবমাননাকর।
আদালত প্রাঙ্গণের মতো স্থানে এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। একইসঙ্গে বিবৃতিতে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম (টিজেএসি) এর সভাপতি নাসির উদ্দিন তোতা ও সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা পৃথক এক বিবৃতিতে বলেন, নির্বাচনী সংবাদ সংগ্রহ ও ভিডিও চিত্র ধারণের সময় সাংবাদিকদের মারধর ও লাঞ্ছিত করা হয়েছে। এমনকি ভিডিও ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টাও চালানো হয়।
নির্বাচনী সংবাদ সংগ্রহে কমিশনের কোনো বিধিনিষেধ না থাকা সত্ত্বেও ন্যাক্কারজনকভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। আদালতের মতো একটি পবিত্র অঙ্গনে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়।
এদিকে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন) গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী এবং আইনের শাসনের প্রতি চরম অবমাননা। সংগঠনটি অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
সংগঠনটির বিবৃতিদাতারা হলেন— সিটিআরএনের আহ্বায়ক হোসাইন জিয়াদ, যুগ্ম আহ্বায়ক এ কে আজাদ এবং কার্যনির্বাহী সদস্য আরিচ আহমেদ শাহ, ফখরুল ইসলাম, সৈয়দ তাম্মিম মাহমুদ, ফেরদৌস লিপি ও শহিদুল সুমন।
টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম (টিসিজেএ) এক বিবৃতিতে জানায়, লাইভ সম্প্রচারের দায়িত্ব পালন করতে গিয়ে চ্যানেল ওয়ানের দুই গণমাধ্যমকর্মীর ওপর বর্বরোচিত হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতা, মুক্ত গণমাধ্যম ও গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। টিসিজেএ নেতারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
টিসিজেএ’র বিবৃতিদাতারা হলেন, সভাপতি এনাম হায়দার, সহসভাপতি সঞ্জীব দে বাবু, সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজ রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম উদ্দিন, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম ও মো. নাজিম উদ্দিন।
সুত্র: বাংলানিউজ২৪.কম
টিটিএন ডেস্ক 


















