সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ‘এফভি রিফাত’ নামের একটি ফিশিং বোট ১৩ জন জেলেকে নিয়ে টেকনাফ থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। মাছ আহরণ শেষে গত ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে পোতাশ্রয়ে ফেরার সময় সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি সাগরে ভাসতে থাকে।
এ অবস্থায় বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। কল পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডকে অবহিত করা হয়।
পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস সৈয়দ নজরুল উদ্ধার অভিযান শুরু করে। অভিযান চালিয়ে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে ইঞ্জিন বিকল অবস্থায় থাকা ফিশিং বোটটির সন্ধান পাওয়া যায়। পরে বোটটিতে থাকা ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তাদের প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। বর্তমানে উদ্ধার হওয়া ফিশিং বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সমুদ্রে বিপদে পড়া জেলেদের উদ্ধারে কোস্ট গার্ড সবসময় প্রস্তুত রয়েছে। জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এ ধরনের জরুরি উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক: 























