কক্সবাজারের ঈদগাঁও থানা হেফাজত থেকে পালিয়ে গেছে ১৬ বছর বয়সী এক কিশোর। ৩৫ লিটার চোলাই মদ ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ আটকের পর তাকে থানা হেফাজতে রাখা হয়েছিল। শুক্রবার (২৩ অক্টোবর) প্রস্রাব করার কথা বলে সে কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পলাতক কিশোরের নাম আব্দুল্লাহ (১৬)। সে রামু উপজেলার উমখালী সওদাগরপাড়ার কালু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩৫ লিটার চোলাই মদ ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ আব্দুল্লাহকে আটক করা হয়। পরে তাকে থানার হেফাজতে রাখা হয়।
শুক্রবার থানা হাজতের সেলঘরে থাকা অবস্থায় প্রস্রাব করার কথা বলে কৌশলে পালিয়ে যায় সে। এ ঘটনায় থানা হেফাজত থেকে আটক ব্যক্তির পালিয়ে যাওয়ার বিষয়টি সামনে এসেছে।
ঈদগাঁও থানার ওসি সিফাতুল মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পলাতক কিশোরকে আটকের চেষ্টা চলছে।
নিজস্ব প্রতিবেদক 
























