কক্সবাজারের শহরের সিটি কলেজ এলাকার চাঞ্চল্যকর একরাম হত্যা মামলার আসামী সাদ্দাম কে গ্রেফতার করেছে এসআরবি-১৫। বুধবার দুপুরে শহরের বাসটার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাদ্দাম কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়ার মাটিরতলী শিকদারপাড়া এলাকার সালেহ আহম্মদের পুত্র। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি, নারী ও শিশু নির্যাতন দমন আইন, হত্যা এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ বিভিন্ন অপরাধে মোট সাতটি মামলা রয়েছে বলে এসআরবি জানিয়েছে।
গত ১ সেপ্টেম্বর রাতে শহরের আলীরজাহাল সিটি কলেজ সংলগ্ন এলাকায় মো. একরামকে গুলি করে আসামিরা পালিয়ে যায়। পরে চমেকে চিকিৎসাধীন অবস্থায় একরাম মারা যায়। এ নিয়ে কক্সবাজার সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
সাদ্দামসহ এ মামলায় এ পর্যন্ত ৪ আসামীকে গ্রেফতার করা হলো।
নিজস্ব প্রতিবেদক 


















