কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬ টার দিকে কলাতলী এলাকার সৈকত পাড়া সড়কের একটি হোটেল সংলগ্ন বসতঘরে আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের সহযোগিতায় কাজ করছে ফায়ারসার্ভিসের ৪ টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।
তিনি টিটিএনকে জানান, ‘ খবর পেয়ে ৪ টি ইউনিট প্রয়োজনীয় নির্বাপক ব্যবস্থা নিয়ে ঘটনাস্থল পৌঁছে। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। তাৎক্ষণিকভাবে কিভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি কেমন তা বলা যাচ্ছে না পরে বিস্তারিত জানা যাবে।’
অগ্নিকান্ডের স্থানে চারপাশে অনেকগুলো হোটেল-রিসোর্ট রয়েছে। আগুন লাগার পরপরই সেসব হোটেলে অবস্থানরত পর্যটক সহ আশেপাশের বসতির লোকজন বেরিয়ে এসে সড়কে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।
এর আগে গত ১৭ অক্টোবর, কক্সবাজারের মেরিনড্রাইভ লাগোয়া উখিয়ার ইনানী টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডে ১১ জন পর্যটক হারান। এর ৬ দিন পর ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে হোটেল সী প্রিন্সেসে অগ্নিকান্ড ঘটলেও তা তাৎক্ষণিক নিয়ন্ত্রণে আসায় বড় ক্ষতি হয়নি।
নিজস্ব প্রতিবেদক 




















