বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদক পাচারবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী ভাল্লুকখাইয়া পাহাড়ি এলাকায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১ বিজিবি জানতে পারে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ভাল্লুকখাইয়া সীমান্ত দিয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে রাত পৌনে ৮টার দিকে ব্যাটালিয়নের একটি বিশেষ দল অভিযান শুরু করে।
অভিযানটি পরিচালিত হয় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান চেকপোস্ট থেকে আনুমানিক ৪০০ মিটার দক্ষিণে সীমান্তবর্তী পাহাড়ি এলাকায়।
বিজিবির দাবি, অভিযানের সময় মাদক পাচারকারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা পাশের গভীর জঙ্গলে আত্মগোপন করে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ কারা সেখানে রেখেছিল, অস্ত্রটির উৎস কী এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত কি না, তা জানা যায়নি।
১১ বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।
সীমান্ত নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে, পাহাড়ি ও দুর্গম সীমান্তপথকে ব্যবহার করে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচারের ঝুঁকি মোকাবিলায় নিয়মিত নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং সীমান্তবর্তী জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মাদক পাচারের সঙ্গে অবৈধ আগ্নেয়াস্ত্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
সীমান্তে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ১১ বিজিবি।
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: 




















