ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার লন্ডনভিত্তিক তার আইনজীবীদের মাধ্যমে ভারতের দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে এ আবেদন করা হয়। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে রয়টার্সের দেখা একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, আদালতের মুখোমুখি হওয়ার জন্য তিনি দেশে ফিরতে চান। আর তার সহযোগীরা সোমবার জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই ফেরার দিনক্ষণ ঘোষণা করা হবে। ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। তবে ভারত থেকে তিনি এই অভিযোগ অস্বীকার করে আসছেন।
রয়টার্স জানিয়েছে, লন্ডনভিত্তিক ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বারস’-এর আইনজীবীরা দিল্লির বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের পক্ষ থেকে শেখ হাসিনার বর্তমান পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে, আমাদের মক্কেলের জন্য নতুন একটি বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি’।
চিঠিতে বাংলাদেশি জাতীয়তার ভিত্তিতে এবং ‘আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর বাধ্যবাধকতা’ অনুযায়ী এই আবেদনগুলো দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। তবে এ বিষয়ে দিল্লির ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকার প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে রয়টার্স।
সূত্র: রয়টার্স
টিটিএন ডেস্ক: 






















