উখিয়ার কুতুপালংয়ের আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি ও মিয়ানমারের নাগরিক খাইরুল আমিন ওরফে বলি আমিনকে গ্রেফতার করেছে এসআরবি-১৫ ।
শনিবার দিবাগত রাত ১২ টার কিছু পর এসআরবি-১৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার বিমানবন্দর এলাকায় চাঞ্চল্যকর হত্যা মামলার এক ফেরারি আসামি অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি তাৎক্ষণিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে খাইরুল আমিন ওরফে বলি আমিনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ১টি স্মার্টফোন এবং ১টি পাসপোর্ট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত খাইরুল আমিন ওরফে বলি আমিন (৪৫) একজন মিয়ানমারের নাগরিক। সে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ১ ইস্ট, ব্লক-ডি/৪ এর বাসিন্দা নূর হোসেন ওরফে মোস্তাফিজুরের ছেলে। সে রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্তবর্তী এলাকার একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে উখিয়া, টেকনাফ এবং নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা, অস্ত্র, মাদক, মানব পাচার এবং পুলিশের ওপর হামলার ঘটনায় অন্তত ১৫টি মামলা রয়েছে। এছাড়া আসামির বিরুদ্ধে আদালত ৩টি গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলো।
গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 





















