মনুমেন্তালের সঙ্গে মেসির সম্পর্কটা কেবল ফুটবলের নয়, আবেগেরও। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দেশের মাটিতে নিজের শেষ ম্যাচটি এই স্টেডিয়ামেই খেলেছিলেন তিনি। সেই ম্যাচ ঘিরে রিভার প্লেট কর্তৃপক্ষও মেসিকে বিশেষ সম্মান জানিয়েছিল। উপহার দিয়েছিল সম্মানসূচক সদস্যপদ, স্মারক ক্রেস্ট ও বিশেষ জার্সি। এবার ইন্টার মায়ামির হয়ে সেই মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হওয়ায় ম্যাচটি ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
ম্যাচটি অনুষ্ঠিত হলে ইন্টার মায়ামির ইতিহাসে আর্জেন্টিনার মাটিতে এটিই হবে প্রথম খেলা। অন্যদিকে ক্লাব ফুটবলে রিভার প্লেটের বিপক্ষে দ্বিতীয়বারের মতো মাঠে নামার সুযোগ তৈরি হবে মেসির সামনে। এর আগে ২০১৫ সালে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে বার্সেলোনার জার্সিতে রিভার প্লেটের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেবার ৩-০ গোলের জয় পেয়েছিল কাতালান ক্লাবটি।
তবে সম্ভাব্য ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ মেসি নিজেই। তিনি শেষ পর্যন্ত খেলবেন কি না, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলার সুযোগ নেই। ইন্টার মায়ামির প্রাক্-মৌসুমের চূড়ান্ত পরিকল্পনা ও স্কোয়াড ঘোষণা হলে বিষয়টি পরিষ্কার হতে পারে। মায়ামির আরেক আর্জেন্টাইন তারকা রদ্রিগো দে পলও দলের সঙ্গে এই সফরে থাকতে পারেন।
স্পোর্টস ডেস্ক: 
























