সম্প্রতি ‘১০ বছর ধরে মালয়েশিয়ায়, কক্সবাজারে শারীরিক পরীক্ষা! চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া প্রত্যয়নের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজারের আবাসিক মেডিকেল অফিসার ডা. রণধীর দেবনাথ।
প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদে তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ তুলে ধরা হয়েছে, তা যথাযথ যাচাই-বাছাই ছাড়াই প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রত্যয়নপত্রটি তিনি প্রদান করেননি, বরং তাঁর সিলমোহর জাল করে একটি চক্র প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ডা. রণধীর দেবনাথ আরও বলেন, কোনো ধরনের জালিয়াতি কিংবা অনিয়মের সঙ্গে তিনি জড়িত নন। তাঁর সিলমোহর জাল করে যারা এ ধরনের কর্মকাণ্ড চালিয়েছে, তাদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
এদিকে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ডা. রণধীর দেবনাথ দীর্ঘদিন ধরে কক্সবাজারে সাধারণ মানুষের চিকিৎসাসেবার পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ও প্রত্যয়নপত্র বিনামূল্যে সত্যায়ন করে সহযোগিতা করে আসছেন। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষ তাঁর কাছ থেকে এ ধরনের সহযোগিতা পেয়ে উপকৃত হচ্ছেন।
স্থানীয়দের দাবি, কক্সবাজারে অনেক চিকিৎসক থাকলেও মানবিক সেবা ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে হাতে গোনা কয়েকজন চিকিৎসক নিয়মিতভাবে ব্যতিক্রমী ভূমিকা পালন করছেন। তাঁদের মধ্যে ডা. রণধীর দেবনাথ অন্যতম বলে মনে করেন অনেকে।
তাঁদের আশঙ্কা, এ ধরনের অভিযোগ ও বিতর্কের কারণে যদি তিনি ভবিষ্যতে বিনামূল্যে প্রত্যয়নপত্র সত্যায়নসহ মানবিক সহযোগিতা দেওয়া বন্ধ করে দেন, তাহলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন সাধারণ ও অসহায় মানুষ। তাই কোনো অভিযোগের সত্যতা যাচাই না করে একজন চিকিৎসকের দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ না করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
অন্যদিকে ডা. রণধীর দেবনাথের দাবি, একটি কুচক্রী মহল তাঁর সুনাম ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সিলমোহর জালিয়াতির করে এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত থাকতে পারে। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তিনি।
তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি প্রকাশিত সংবাদের তথ্য পুনরায় যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান। পাশাপাশি কাউকে বিভ্রান্ত না হওয়া এবং যাচাই ছাড়া কোনো ধরনের অপপ্রচার না চালানোর জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
প্রতিবাদকারী:
ডা. রণধীর দেবনাথ
আবাসিক মেডিকেল অফিসার
কক্সবাজার।
বার্তা পরিবেশক 


















