সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত ও উসকানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রামু সরকারি কলেজ শাখার সহ-সভাপতি মোর্শেদুল হককে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার জেলা শাখা থেকে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
সংগঠনটির জেলা সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোর্শেদুল হককে তার প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনোপ্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এর আগে, মোর্শেদুল হক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘টেলিগ্রাম নিউজ’ নামক একটি সংবাদমাধ্যম ও তাদের কার্যালয় প্রথম আলোর মতো পুুড়িয়ে দেয়ার হুমকি দিয়ে একটি উসকানিমূলক পোস্ট করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পরই জেলা ছাত্রদল এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।
নিজস্ব প্রতিবেদক 



















