কক্সবাজার জেলা আইনজীবী সমিতির হল রুমে অপ্রীতিকর ঘটনার নিন্দা ও উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।
সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়।
বিবৃতিতে বলা হয়, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি জেলার সর্ববৃহৎ পেশাজীবি সংগঠন। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী সমর্থক থাকলেও সবার পরিচয় তারা আইনজীবী। আইনজীবী সমিতিতে কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড কোনো দল কখনো করেনি এবং আজও করে না।
কিন্তু ১০ নভেম্বর কক্সবাজার জেলা আইনজীবী সমিতির হল রুম থেকে আইনজীবীদের তুলে নিয়ে নাজেহাল করা হয়েছে, যা আইনজীবীদের আতঙ্কিত করেছে। আইনজীবীরা আইন পেশায় থেকে সকলের মান-সম্মান রক্ষায় বদ্ধপরিকর বলে এতে উল্লেখ করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 






















