উখিয়ার পালংখালীর বটতলী বাজারে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। হঠাৎ গুলির শব্দে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। প্রাণভয়ে মুহূর্তেই দোকান-পাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান ব্যবসায়ী ও পথচারীরা।বর্তমানে বটতলী এলাকার পরিস্থিতি থমথমে।
বুধবার (১১ নভেম্বর) বেলা ৩টার দিকে দিকে এ ঘটনা ঘটে।স্থানীয়দের দাবি, ইয়াবাসংক্রান্ত বিরোধ নিয়ে জয়নাল বাহিনীর সদস্যরা এ ত্রাস সৃষ্টি করে।
ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, পালংখালীর বটতলী
এলাকার চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত আব্দুস সালামের ছেলে মুন্নার হাতে একটি আগ্নেয়াস্ত্র দেখা গেছে, এবং মুন্না অস্ত্র নিয়ে বার বার তেড়ে আসতে দেখা গেছে ভিডিওতে।
অন্যদিকে ভিডিওতে আরো দেখা যায়, বটতলীর শামসুর ছেলে মিজানের হাতেও আরো একটি অস্ত্র ছিলো।
ভিডিওতে জিসান ও শমসু নামে দুজনকে কিরিচ হাতে দেখা যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন স্থানীয়রা।
ঘটনার কিছুক্ষণ পর বিজিবির একাধিক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়।এ সময় স্থানীয় অসংখ্য নারী পুরুষ জড়ো হয়ে গুলিবর্ষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানায়।
গুলি করার ভিডিও প্রসঙ্গে জানতে চেয়ে অভিযুক্ত মুন্নার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।
অন্যদিকে মুন্নাকে উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জয়নাল আবেদিন আশ্রয় প্রশ্রয় দেয় বলে অভিযোগ করেছে স্থানীয়রা। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন জয়নাল আবেদিন। তিনি বলেন, গুলিবর্ষণের ঘটনার সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম উচ্চারণ করা হয়েছে। তিনি ঘটনাস্থলে ছিলেন না। তার দাবি, একটি ফুটবল ম্যাচের বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক: 






















