পেকুয়ায় প্রভাবশালীদের দখলে থাকা শত কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধারে অভিযান জোরদার করেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় জাকের হোসেন প্রকাশ জাগু ও তাঁর তিন ভাইসহ অবৈধ দখলদারের দখলে থাকা ১ একর ৪০ শতক সরকারি জমি চিহ্নিত করে লাল পতাকা টানানো হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে পেকুয়া উপজেলা প্রশাসনের নির্দেশনায় ভূমি অফিসের সার্ভেয়ার ও তহসিলদার পেকুয়া বাজারের পশ্চিম পাশে গ্রামীণ ব্যাংকসংলগ্ন এলাকায় জমি পরিমাপ করেন। এ সময় সরকারি খাসজমি চিহ্নিত করে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, ওই এলাকায় মোট ১ একর ৪০ শতক (১৪০ শতক) জমি সরকারি খাস খতিয়ানভুক্ত, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪০ কোটি টাকা। এর মধ্যে জাকের হোসেন ও তাঁর ভাই মৃত শওকত, সাকের ও শাখাওয়াতের দখলে রয়েছে ৩৬ শতক জমি। সেখানে কয়েকটি দোকান ও বসতঘর নির্মাণ করা হয়েছে।
এর আগে একই এলাকায় অবৈধ দখলদারের দখলে থাকা সরকারি জমি উদ্ধার করে উপজেলা প্রশাসন। ওই জমিতে নির্মিত অবৈধ স্থাপনার বেড়া উচ্ছেদ করা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, পেকুয়া বাজারের পশ্চিম পাশে গ্রামীণ ব্যাংকসংলগ্ন আবাসিক এলাকায় সরকারি খাসজমি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর দখলে রয়েছে। এর মধ্যে জাকের হোসেন, মোকতার আহমদ, রফিকসহ কয়েকজনের বিরুদ্ধে সরকারি জমি দখল করে দোকান ও বসতঘর নির্মাণের অভিযোগ রয়েছে।
পেকুয়া উপজেলা ভূমি অফিসের এক সার্ভেয়ার জানান, বুধবার সকালে সরেজমিনে গিয়ে জমি পরিমাপ করে সরকারি অংশ চিহ্নিত করা হয়েছে এবং সেখানে লাল পতাকা টানানো হয়েছে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে অবৈধ দখল উচ্ছেদ করা হবে।
অভিযোগের বিষয়ে জাকের হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই জমি আমাদের বাপ-দাদার আমল থেকে দখলে আছে। আমরা অবৈধভাবে দখল করিনি৷ আজ তহসিলদার এসে কিছু অংশে লাল পতাকা দিয়ে গেছে। আমাদের কি কাগজপত্র আছে সেগুলো নিয়ে যোগাযোগ করতেও বলে গেছেন।
সূত্র জানায়, কয়েক বছর আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্যোগে ওই ১ একর ৪০ শতক জমি সরকারি খাস খতিয়ানভুক্ত করা হয়। সরকারি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে জমিগুলো খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হলেও পরবর্তী সময়ে বিভিন্ন ব্যক্তি সেগুলো দখলে নেয় বলে অভিযোগ রয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি জমি বেদখলে থাকলেও কার্যকর উদ্যোগের অভাবে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। সম্প্রতি সংবাদমাধ্যমে এ বিষয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন জমি উদ্ধারে তৎপরতা শুরু করেছে।
সরকারি সম্পত্তি উদ্ধারে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাঁরা দ্রুত চিহ্নিত সব সরকারি খাসজমি উদ্ধার করে জনস্বার্থে ব্যবহারের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, ১একর ৭০ শতক জমির মধ্যে ৩০ শতক জমি ব্যক্তি মালিকানাধীন। সরকারি সম্পদ উদ্ধার করতে সেখানে লাল পতাকা টানানো হয়েছে। যারা বিভিন্ন সময়ে সরকারি জায়গা জবরদখল করে স্থাপনা তৈরি করেছে তাদের নাম ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। প্রসেসিং করে পরবর্তীতে এসব স্থাপনা উচ্ছেদ করে জায়গাগুলো উদ্ধার করা হবে। দখলদার যত প্রভাবশালীই হোক, সরকারি সম্পত্তি উদ্ধারে কোনো ছাড় দেওয়া হবে না।
নিজস্ব প্রতিবেদক 


















