কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে মাদক চোরাচালান থামছেই না। ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ ও পাচারকারীরা গ্রেপ্তার হলেও সক্রিয় রয়েছে কারবারিরা। এর মধ্যে বুধবার রাতে টেকনাফের হ্নীলা সীমান্তে ইয়াবার চালান নিয়ে আসা মাদক কারবারিদের সঙ্গে বিজিবির গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। একপর্যায়ে ইয়াবাভর্তি বস্তা ফেলে নৌকাযোগে মিয়ানমারে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। একই রাতে টেকনাফের হোয়াইক্যং ও উখিয়ার পালংখালীতে আরও দুটি অভিযান চালিয়ে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মোট ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে আটক হয়েছেন দুজন।
বিজিবির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার পিস ইয়াবা জব্দের পাশাপাশি ২৪৯ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে টেকনাফ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম। এ সময় ক্যাপ্টেন মাহরাফ জামান উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবির একটি দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। নৌকা থেকে ৭-৮ জন মাদক কারবারি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে পাশের কেওড়াবনের ভেতরে অবস্থান নেয়। পরে সুযোগ বুঝে বস্তাগুলো নিয়ে বেড়িবাঁধ পার হওয়ার অপেক্ষা করতে থাকে তারা। এ সময় বিজিবির আরেকটি টহল দল স্পিডবোট নিয়ে কেওড়াবনের দিকে এগিয়ে গেলে মাদক কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের একপর্যায়ে ইয়াবাভর্তি বস্তাগুলো পানিতে ভাসমান অবস্থায় ফেলে নৌকাযোগে মিয়ানমারে পালিয়ে যায় কারবারিরা। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে ছোট-বড় ১০টি বস্তায় ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।
বিজিবির ভাষ্য, একই রাতে সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আজুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. রমজান আলী (১৮) নামে এক যুবককে আটক করা হয়। তাঁর কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এর আগে রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে মো. হোসাইন (২০) নামে আরেক যুবককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সব মিলিয়ে তিনটি পৃথক অভিযানে ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং দুজনকে আটক করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত ১ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার পিস ইয়াবা জব্দের পাশাপাশি ২৪৯ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে সক্রিয় মাদক কারবারিদের অবস্থান ও তাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। মাদক চোরাচালান বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 



















