কক্সবাজারের রামুতে যাত্রীবাহী মিনি বাসে বসে ইয়াবা পাচারের সময় আব্দুর রাজ্জাক (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘জনতা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী মিনি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আব্দুর রাজ্জাক কক্সবাজার পৌরসভার পূর্ব লাইট হাউজ পাড়া ফাতের ঘোনা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আমির হোসেন এবং মায়ের নাম মৃত কুলসুমা বেগম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় সূত্র জানিয়েছে, রামু রাবার বাগানে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা মিনি বাসটির এ-৩ নম্বর সিটে বসেছিলেন আব্দুর রাজ্জাক। সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করে শরীরের বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে লুকানো ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল জানান, আব্দুর রাজ্জাকের ডান পায়ের হাঁটুর ওপর স্কচটেপ ও ব্যান্ডেজ দিয়ে মোড়ানো চারটি স্বচ্ছ পলি প্যাকেটে ছিল চার হাজার পিস ইয়াবা। একইভাবে বাম পায়ের হাঁটুর ওপর আরও চার হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া পরিহিত লুঙ্গির ডান কোচরে স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো ১০টি জিপারলক প্যাকেটে ছিল আরও দুই হাজার পিস। সব মিলিয়ে তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপপরিদর্শক মো. মোস্তফা সিকদার ইমন বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের বলে নিশ্চিত করেছেন সোমেন মন্ডল।
নিজস্ব প্রতিবেদক: 























