বাংলাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসকে নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনে কে বিজয়ী বা পরাজিত হলো সেটি বড় বিষয় নয়, বরং এর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের বিজয় হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখার উদ্যোগে আয়োজিত একাদশ শ্রেণি ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাদিক কায়েম বলেন, “আগামী প্রজন্ম এমনভাবে তৈরি হবে যেন তারা ইনসাফের পক্ষে কথা বলে, সত্যকে সত্য বলে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকে। শিক্ষাপ্রতিষ্ঠান হবে শিক্ষার্থীদের প্রস্তুত করার জায়গা। তারা রাজনৈতিকভাবে সচেতন হবে, কিন্তু কারো দাসত্ব করবে না।”
কক্সবাজার সরকারি কলেজের অতীত ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে ডাকসু ভিপি বলেন, এই কলেজে এর আগেও চারবার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং প্রতিবারই ছাত্রশিবির সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছিল। ভবিষ্যতেও এই ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হবে এবং শিক্ষার্থীরা যাকে নির্বাচিত করবেন, তিনিই ক্যাম্পাসের নেতৃত্ব দেবেন।
নিজের নেতৃত্বাধীন বর্তমান ডাকসুর কার্যক্রমের সাফল্য তুলে ধরে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে যতগুলো ডাকসু হয়েছে, আর কেউ আমাদের মতো শিক্ষার্থীদের জন্য এত কল্যাণমূলক কাজ করতে পারেনি।” এছাড়া ইসলামী ছাত্রশিবির শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে তিনি প্রতিটি শিক্ষার্থীকে নিজেদের যোগ্য করে গড়ে তোলার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
রাহুল মহাজন: 
























