তরুণ প্রজন্মকে দক্ষ, মানবিক ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের তিনদিনব্যাপী বার্ষিক গ্রুপ ক্যাম্প সম্পন্ন হয়েছে।
গত ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত পেকুয়া সরকারি মডেল জি.এম.সি ইনস্টিটিউশন প্রাঙ্গণে আয়োজিত ক্যাম্পে স্কাউটিংয়ের মৌলিক শিক্ষা, নেতৃত্ব বিকাশ, প্রাথমিক চিকিৎসা, দড়ির কাজ, ক্যাম্প স্থাপন, প্রজেক্ট নির্মাণ, হাইকিং ও ক্যাম্প ফায়ারসহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপের সহ-সভাপতি মোহাম্মদ নুরুল মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গ্রুপ সভাপতি জাকের আহমদ। তিনি বলেন, স্কাউটিং তরুণদের নৈতিকতা, মানবিকতা, নেতৃত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দ্বিতীয় দিনের সন্ধ্যায় অনুষ্ঠিত ক্যাম্প ফায়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট। এতে স্কাউট সদস্যরা দেশাত্মবোধক গান, নাটিকা ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সরকারি সিটি কলেজ চট্টগ্রামের প্রভাষক মোহাম্মদ আব্দুল্লাহ, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াদ ইসলাম এবং নুর-আয়েশা খাঁন ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. ইসমাইল খাঁন।
ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক মো. বোরহান উদ্দিন, লাবীব মোহাম্মদ তক্কী, রোকন উদ্দিন ওয়ারেসী এবং মো. মনজুরুল কবির। তারা স্কাউট সদস্যদের নেতৃত্ব বিকাশ, দলগত কাজ, প্রাথমিক চিকিৎসা, বনকলা, কোড ও সংকেত ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন।
পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মো. আরকানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ক্যাম্পে ইউনিট লিডার আইরিন সুলতানা উর্মি, আহমদ নুর ও সালাহ উদ্দিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও তরুণদের নৈতিক, মানসিক ও শারীরিক বিকাশে স্কাউটিং কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
পেকুয়া প্রতিনিধি: 
























