কক্সবাজারের উখিয়ায় র্যাব-১৫ এর বিশেষ অভিযানে হত্যা, অপহরণ ও গুরুতর জখমসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক রোহিঙ্গা আসামীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে র্যাব-১৫ এর সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০১ ইস্টের ব্লক-ডি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর নাম মো. হোছন (৪৫)। তিনি উখিয়ার কুতুপালং লম্বাশিয়া এলাকার রোহিঙ্গা ক্যাম্প-০১ ইস্টের বাসিন্দা। তার পিতার নাম বদর মিয়া (প্রকাশ বদ)।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মো. হোছনের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যা, অপহরণসহ গুরুতর অপরাধের একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। র্যাবের এই সফল অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক অপরাধ দমনে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, মাদকের পাশাপাশি সন্ত্রাস ও সহিংস অপরাধ নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা ও রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 



















