বন্দুক উঁচিয়ে প্রকাশ্যে প্রতিপক্ষের দিকে গুলি ছুড়ছেন এক যুবক, তার পাশে কিরিচ হাতে ভয়ভীতি দেখাতে মহড়া দিচ্ছেন আরো দুই জন। কক্সবাজারের উখিয়ার মিয়ানমার সীমান্তের অদূরে পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে প্রতিপক্ষের ওপর এই হামলার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুলিবর্ষণের সেই ভিডিও ছড়িয়ে পড়ে।
এঘটনায় তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ৪ জনকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ, উদ্ধার করা হয়েছে ২ টি অস্ত্র, ৪১ রাউন্ড গুলি, ১ টি বন্দুকের ব্যারেল । উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১ টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আতিকুর রহমান বলেন, ‘বুধবার বিকেলে মাদক ব্যবসা ও বটতলী এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে গুলির ঘটনা ঘটে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অস্ত্রধারী তালিকাভুক্ত শীর্ষ মাদককারবারি সাখাওয়াত হোসেন মুন্নাকে শনাক্তের পর ঘটনায় উপস্থিত ৩ সহযোগী- মিজানুর ,আরফাত হোসেন, আবু তাহের সহ তাকে মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে। বিজিবি-এসআরবির সহযোগিতায় পরিচালিত অভিযানে ব্যবহৃত ২ টি অস্ত্র উদ্ধার করা হয়েছে পাশাপাশি জড়িত অন্যদের আইনের আওতায় আনতে তৎপরতা অব্যাহত আছে।’
ভিডিও ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, কথিত জয়নালবাহিনীর সদস্য মুন্না বন্দুক উঁচিয়ে প্রতিপক্ষের দিকে গুলি করতে থাকেন। হঠাৎ গুলির শব্দে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান ব্যবসায়ীরা এবং পড়ে বিজিবি-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বটতলীর বাসিন্দারা জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ধরে রাখা ও ইউপি সদস্য নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জয়নাল আবেদীনের আপন ভাগিনা মুন্না পালংখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন।জয়নাল আবেদীন ও আবুল ফয়েজ দুইজনই ঐ এলাকায় তথা পালংখালী ইউনিয়নের ৯ ওয়ার্ডের ইউপি সদস্য পদে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ২০২১ সালের নভেম্বরে সাড়ে ৩ লাখ ইয়াবা সহ সাখাওয়াত হোসেন মুন্না এসআরবি’র হাতে (তৎকালীন র্যাব) গ্রেফতার হয়েছিলেন এবং তার বিরুদ্ধে মাদক-মারামারিসহ কয়েকটি মামলা রয়েছে।
আবুল ফয়েজ সাংবাদিকদের জানান, আমার জনপ্রিয়তার কারণে ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে।
ঘটনার পর ফেসবুক লাইভ করে মুন্নার মামা জয়নাল দাবী করেন, ষড়যন্ত্রমূলকভাবে তার নাম জড়ানো হচ্ছে এবং তিনি ঘটনাস্থলে ছিলেন না।
ওসি আতিকুর রহমান জানিয়েছেন, গুলির ঘটনায় অস্ত্র এবং দ্রুত বিচার আইনে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের আদালতে প্রেরণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক 

















