কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় ছিনতাই ও অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়েছে সদর মডেল থানা পুলিশ।
গেলো ২৪ ঘণ্টায় পরিচালিত এই অভিযানে চোর, ছিনতাইকারী, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ সর্বমোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৬ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে রয়েছেন শহরের বাদশঘোনার আবদুল্লাহ, চৌফলদণ্ডীর আসিফ, পাহাড়তলী কালুর দোকানের বাসিন্দা আকাশ চন্দ্র দাস, খুরুশকুলের জাহিদ হাসান, ঘোনার পাড়ার রায়হান এবং সুইপার কলোনীর সূমী ধর। আটক এসব অপরাধীদের বিরুদ্ধে পূর্বেরও একাধিক চুরি, ছিনতাই ও মারামারির মামলা রয়েছে।
এ ছাড়া অভিযানে ১৭ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। আটক মাদকসেবীদের মধ্যে টেকপাড়া, পাহাড়তলী, বাদশাহ ঘোনা, টেকনাফ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন। একই অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৪ জন আসামি, ধর্তব্য অপরাধে জড়িত ২ জন এবং নিয়মিত মামলার ১ জন আসামিকে আটক করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, পর্যটন নগরীর নিরাপত্তা বিধান ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধে এই চিরুনি অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 
























