কক্সবাজার শহরে অভিযান চালিয়ে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত এবং একাধিক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন,র্যাব-১৫।
বৃহস্পতিবার বিকেলে শহরের তারাবুনিয়াছড়া মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ কামাল হোসেন ওরফে কামাল (২৫)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার হোসেন আলীর পুত্র।
র্যাব জানায়, তারাবনিয়ারছড়া মসজিদ এলাকায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত আসামি অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
প্রাথমিক অনুসন্ধান ও মামলার তথ্য সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত কামাল হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম সিএমপির কর্ণফুলী থানা, চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা এবং কক্সবাজারের রামু থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও একটি মামলায় ৩ বছরের সাজার আদেশ ছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 





















