কক্সবাজারের সাংবাদিক, পরিবেশ গবেষক ও চিন্তক আহমদ গিয়াসের স্মরণে নাগরিক শোকসভা আয়োজনের উদ্যোগ নিয়েছে কক্সবাজার সাংবাদিক সমিতি।
একজন চারণ সাংবাদিক হিসেবে কক্সবাজারের সাংবাদিকতা, পরিবেশচর্চা, ইতিহাস-ঐতিহ্য অনুসন্ধান এবং সমাজভাবনায় তাঁর অবদান যথাযথভাবে মূল্যায়ন ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে।
শুধু স্মৃতিচারণের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে আহমদ গিয়াসের জীবন, কর্ম, চিন্তা ও সৃষ্টিকর্ম সংরক্ষণের একটি স্থায়ী উদ্যোগের সূচনা করাই হবে এ নাগরিক শোকসভার অন্যতম প্রধান লক্ষ্য এমনটি জানিয়েছেন, নাগরিক শোক সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক, সাংবাদিক, গণমাধ্যম গবেষক, প্রাবন্ধিক, বাংলাদেশ বেতার কক্সবাজার এর সংবাদ অনুবাদক (সাব-এডিটর) আজাদ মনসুর।
তাঁর প্রয়াণে কক্সবাজারের সাংবাদিকতা ও মননশীল সমাজ একটি গুরুত্বপূর্ণ কণ্ঠকে হারিয়েছে। তাঁর রেখে যাওয়া কাজ ও চিন্তাকে সংরক্ষণ করা এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াকে সময়ের দাবি বলে মনে করে জেলার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষ।
প্রস্তাবিত নাগরিক শোকসভায় ‘সাংবাদিক আহমদ গিয়াস: কক্সবাজারের সাংবাদিকতায় তাঁর অবদান’, ‘পরিবেশ গবেষক আহমদ গিয়াস: প্রকৃতি ও প্রতিবেশ রক্ষায় তাঁর চিন্তা’ ও ‘আহমদ গিয়াসের সৃষ্টিকর্ম সংরক্ষণ: আমাদের দায় ও করণীয়’ শীর্ষক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।
শোকসভা ঘিরে আহমদ গিয়াসের প্রকাশিত ও অপ্রকাশিত লেখালেখি, সংবাদ প্রতিবেদন, আলোকচিত্র, গবেষণাকর্ম ও অন্যান্য সৃষ্টির উপকরণ সংগ্রহের উদ্যোগে কাজও চলছে। পাশাপাশি তাঁর জীবন ও কর্ম নিয়ে একটি স্মারকগ্রন্থ প্রকাশ, প্রামাণ্যচিত্র নির্মাণ এর পরিকল্পনার কথা ভাবছে আয়োজকরা।
শোক সভা বাস্তবায়ন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আগামী ১৬ নভেম্বর সোমবার নিরিবিলি শাহীন রেস্তোরাঁয় কক্সবাজারের প্রবীণ ও নবীন সাংবাদিক, পরিবেশ গবেষক, লেখক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, ইতিহাস গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, তাঁর সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য জন্য বিনয়ের সাথে অনুরোধ করেছেন কক্সবাজার সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব স.ম. ইকবাল বাহার চৌধুরী।
সংবাদ বিজ্ঞপ্তি: 





















