পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে ছয়টির বেশি সড়ক ও পয়েন্ট ব্যবহার করে অবাধে গাছ পাচারের অভিযোগ উঠেছে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পিকআপ ও ট্রলিযোগে সামাজিক বনায়নের গাছ, পাহাড়ি বৃক্ষ এমনকি বন বিভাগের জমিতে থাকা মূল্যবান মাদার ট্রিও কেটে সরিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। দীর্ঘদিন ধরে এ তৎপরতা চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বন বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, টইটং বনবিট কর্মকর্তা আবদুল মোতালেব মোমেনের সঙ্গে যোগসাজশে একটি প্রভাবশালী চক্র নির্বিঘ্নে গাছ পাচার করে যাচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট বনবিট কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বারবাকিয়া রেঞ্জের আওতাধীন টইটং বনবিট এলাকায় দীর্ঘদিন ধরে গাছ পাচারের তৎপরতা চলছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত পাচারকারীরা সক্রিয় হয়ে ওঠে। ধনিয়াকাটা বাজার সড়ক, আব্দুল্লাহপাড়া সড়ক, মৌলভীপাড়া সড়ক, হাজি বাজার ঢালারমুখ সড়ক, বনকানন বাজার সড়ক, টইটং বাজার স্কুল সড়ক ও বটতলী বাজার সড়কসহ বিভিন্ন পথ দিয়ে গাছ সরিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, পাচারকারীরা শুধু পাহাড়ি গাছ কিংবা সামাজিক বনায়নের গাছেই সীমাবদ্ধ নেই। গভীর রাতে বন বিভাগের জায়গা থেকে মূল্যবান মাদার ট্রিও কেটে পাচার করা হচ্ছে। এমনকি বনবিট কার্যালয়ের সামনে দিয়েও গাছবোঝাই যানবাহন চলাচল করে বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে বনবিট কর্মকর্তার দায়িত্ব পালন নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, বন বিভাগ মাঝেমধ্যে অভিযান পরিচালনা করলেও গাছ পাচার বন্ধে দৃশ্যমান অগ্রগতি নেই। স্থানীয়দের একাংশের দাবি, কথিত লেনদেন বা সমঝোতা না হওয়া গাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গাছ জব্দ করা হলেও প্রভাবশালী পাচারকারীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে গাছ পাচারের প্রতিবাদ করতে গিয়ে স্থানীয়দের হুমকি-ধমকির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। কেউ প্রতিবাদ করলে বনবিট কর্মকর্তার পক্ষ থেকে মামলার ভয় দেখানো হয় বলে দাবি করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরদারির মধ্যে থেকেও কীভাবে দিনের পর দিন সরকারি বনায়ন ও পাহাড়ি গাছ উজাড় হচ্ছে? কারা এই পাচার চক্রকে সহযোগিতা করছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।
পরিবেশ ও বনসম্পদ রক্ষায় টইটং বনবিট এলাকায় নিরপেক্ষ তদন্ত, রাতের বেলায় বিশেষ নজরদারি এবং গাছ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে বনবিট কর্মকর্তা আবদুল মোতালেব মোমেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তেরও আহ্বান জানিয়েছেন তাঁরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে টইটং বনবিট কর্মকর্তা আবদুল মোতালেব মোমেন বলেন, “গত রাতভর আমি সড়কে ছিলাম। কোনো গাড়ি বের হতে দেখিনি। তবে ঢালারমুখ দিয়ে হয়তো আমাদের অজান্তে কিছু গাছ বের হতে পারে। সরকারি সম্পদ রক্ষায় আমরা সব সময় সোচ্চার”।
তবে তাঁর বিরুদ্ধে ওঠা যোগসাজশ ও দায়িত্বে অবহেলার অভিযোগ সরাসরি অস্বীকার করেন তিনি।
নিজস্ব প্রতিবেদক 
























