টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর আওতাধীন ক্যাম্পগুলোতে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, জেলা প্রশাসন, এসআরবি, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্যাটালিয়ন আনসার ও কোস্ট গার্ডের মোট ১০৫ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেয়।
অভিযানে একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪ মাস ১০ দিনের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে পৃথক অভিযানে কুখ্যাত সাদ্দাম বাহিনীর এক সক্রিয় সদস্য ও এক কুখ্যাত ডাকাতকে আটক করা হয়েছে।
এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। অভিযান চলাকালে রিকল মূলে পাঁচটি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়। পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।
অন্যদিকে, অনলাইন জুয়া, মাদক সেবন, বাবা-মাকে মারধর এবং পুলিশের কাজে বাধাসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় তিনজনকে যথাক্রমে ৪ মাস, ১ মাস ও ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়।
১৬ এপিবিএন সূত্র জানায়, অভিযানে গ্রেপ্তার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
টেকনাফ ১৬ ব্যাটালিয়ন এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিবেদক: 























