টেকনাফে এসআরবি-১৫ ও ২ বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমোরা মন্দিরের জোড়া সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমোরা এলাকার মঞ্জুর মেম্বারের প্রজেক্টের কেওড়া বাগানে মাদকের বড় চালান মজুতের খবর পায় যৌথ বাহিনী। খবর পেয়ে রাত আনুমানিক আড়াইটার দিকে সেখানে অভিযান চালানো হলে এসআরবি ও বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৩ লাখ পিস ইয়াবার একটি বিশাল চালান উদ্ধার করা হয়।
এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এর সঙ্গে জড়িত পলাতক আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক: 























