বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকায় চাঁদের গাড়ি (জিপ) দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে আলীকদম-থানচি সড়কের ২১ কিলোমিটার এলাকা থেকে তিন্দু নৌঘাটে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে একটি চাঁদের গাড়ি যাত্রী নিয়ে ২১ কিলোমিটার এলাকা থেকে তিন্দু নৌঘাটের দিকে যাচ্ছিল। পথে একটি ঢালু সড়ক দিয়ে নিচে নামার সময় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের ওপর উল্টে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহত হন আরও পাঁচজন।
দুর্ঘটনার খবর পেয়ে ৩৮ বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে আহত পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য আলীকদম হাসপাতালে পাঠানো হয়।
এদিকে নিহতদের মরদেহ আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করবে বলে জানা গেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ৩৮ বিজিবির অ্যাডজুট্যান্ট মো. জাকির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। আহত পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য আলীকদম হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 

























