চকরিয়া উপজেলার মগবাজার ও চিরিঙ্গা বাজারে অভিযান চালিয়ে ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয় কর্তৃক এই তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ।
অভিযানকালে মগবাজার এলাকার ‘আর রহমান বেকারি’কে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ, খাদ্য কর্মীদের মাথায় হেয়ার নেট ব্যবহার না করা, খাদ্য তৈরিতে খবরের কাগজ ব্যবহার এবং পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ, এমআরপি ও উপাদান উল্লেখ না করার অপরাধে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া চিরিঙ্গা বাজারে মোড়কজাত শিশু খাদ্যে উৎপাদনের তারিখ, মেয়াদ, এমআরপি ও উপাদান না থাকায় ‘নিউ সাতকানিয়া স্টোর’কে ৫,০০০ টাকা; মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘ভাই ভাই ফল বিতান’কে ৫,০০০ টাকা; প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে ‘শাহ আমানত স্টোর’কে ১০,০০০ টাকা; মোড়কজাত পণ্যে এমআরপি না থাকা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করায় ‘আজাদ স্টোর’কে ১০,০০০ টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘মেসার্স টিপু স্টোর’কে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বাজারের মিষ্টি, মুরগি, মাংস ও মুদি দোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে নিবিড় তদারকি করা হয়। এতে ব্যবসায়ীরা মূল্য তালিকা প্রদর্শন করছেন কিনা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছেন কিনা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বা ব্যবহার করছেন কিনা এবং সঠিক ওজনে পণ্য ক্রয়-বিক্রি হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। একই সাথে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে সচেতন করা হয়।
নিজস্ব প্রতিবেদক: 






















