চট্টগ্রামের পটিয়ায় কাভার্ডভ্যান থেকে লুণ্ঠিত ১৫ টন চিনির মধ্যে আরও সাড়ে ৭ টন চিনি চকরিয়ার হারবাং থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে উপজেলার হারবাং ইউনিয়নের নোনাছড়ি এলাকার ছাত্রদল নেতা মোহাম্মদ রাসেলের বন্ধ টেইলার্সের দোকান থেকে ১৫০ বস্তা চিনি উদ্ধার করা হয় বলে কয়েকটি গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে চকরিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম বাপ্পি দাবি করেন-মোহাম্মদ রাসেলের ছাত্রদলের কেউ নয়।তিনি শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত।
তবে চকরিয়া উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবদুর রশিদ টিটিএনকে বলেন- রাসেল ছাত্রশিবিরের রাজনীতি করার প্রশ্নেও উঠেনা।
তিনি হারবাং ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়কের দায়িত্ব রয়েছেন।
এর আগে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর বাজারের একটি গোডাউন থেকে ১৩৪ বস্তা চিনি উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে লুণ্ঠিত ৩০০ বস্তা চিনির মধ্যে ২৮৪ বস্তা উদ্ধার হলো।
এ ঘটনায় চিনির মালিক মোহাম্মদ সিরাজুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার পটিয়া থানায় মামলা করেছেন। মামলায় কাভার্ডভ্যানের চালক মো. আলমগীর ও আজিজনগর বাজারের মুদি দোকানি মো. রাহাত উদ্দিন জুয়েলকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে হারবাংয়ের নোনাছড়ি এলাকার বন্ধ দোকান থেকে চিনিগুলো উদ্ধার করে। দোকানটির মালিক রাসেল। তিনি আজিজনগর বাজারের মুদি দোকানি জুয়েলের ভাই বলে জানা গেছে।
এসআই মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে ১৫০ বস্তা চিনি উদ্ধার করা হয়। এর আগে বুধবার রাতে আজিজনগর বাজারে জুয়েলের গোডাউন থেকে আরও ১৩৪ বস্তা চিনি উদ্ধার করা হয়েছিল। সব মিলিয়ে লুণ্ঠিত ৩০০ বস্তার মধ্যে ২৮৪ বস্তা চিনি উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, চিনির মালিকের করা মামলায় কাভার্ডভ্যানচালক আলমগীর ও মুদি দোকানি জুয়েলকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে চালকের বিরুদ্ধে অন্যদের যোগসাজশে পারস্পরিক বিশ্বাস ভঙ্গ করে চিনি আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারকৃত আলমগীরকে আদালতে পাঠানো হয়েছে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল আহমদ জানান, আজিজনগর বাজারের মুদি দোকানি জুয়েল ও নোনাছড়ি এলাকার রাসেল আপন ভাই। চিনি আত্মসাতের ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর বুধবার রাত থেকে তারা পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে রয়েছেন বলে তিনি দাবি করেন। পুলিশকে সঙ্গে নিয়ে রাসেলের বাড়িতে গেলে সেটি তালাবদ্ধ পাওয়া যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, কাভার্ডভ্যানের চালক মো. আলমগীর পরিকল্পিতভাবে ছিনতাইয়ের ঘটনা সাজিয়ে অন্যদের সহযোগিতায় ১৫ টন বা ৩০০ বস্তা চিনি বিক্রি করে আত্মসাৎ করে থাকতে পারেন। পুলিশের ধারণা অনুযায়ী, আজিজনগর বাজারের রাজিব স্টোরের মালিক জুয়েল বাজারমূল্যের চেয়ে কম দামে চিনিগুলো কিনে স্থানীয় মুদি দোকানগুলোতে বিক্রি করেন। তবে এসব অভিযোগ তদন্তাধীন।
এর আগে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা ক্রসিং-সংলগ্ন চট্টগ্রাম-আনোয়ারা সড়কে নবনির্মিত কর্ণফুলী উপজেলা ভবনের সামনে পরিত্যক্ত অবস্থায় কাভার্ডভ্যানটি পাওয়া যায়।
সাইফুল ইসলাম সাইফ 



















