কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী মাইজপাড়া গ্রামের মাস্টার জাবের আহমদ ও তাঁর পরিবারের পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পক্ষ।
অভিযোগ অনুযায়ী, পৈতৃক সূত্রে প্রাপ্ত এবং বর্তমানে জাবের আহমদ গংয়ের দখলে থাকা জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। একই সঙ্গে ওই জমি সংক্রান্ত বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা জারি রয়েছে বলেও দাবি করেছেন বাদীপক্ষ।
তবে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিবাদীপক্ষ স্থানীয় ও বহিরাগত ভাড়াটে লোকজন নিয়ে একটি সশস্ত্র দল গঠন করে জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এ সময় অবৈধ অস্ত্রের ব্যবহার, নিজেদের লোকজনকে হত্যার ষড়যন্ত্র এবং বাদীপক্ষের সদস্যদের ওপর হামলা চালিয়ে তাঁদের দখল থেকে উচ্ছেদের চেষ্টার আশঙ্কার কথাও জানিয়েছেন জাবের আহমদ গং।
এমন পরিস্থিতিতে নিজেদের পৈতৃক সম্পত্তির দখল ও জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং জমি দখলকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কালারমারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাজু আহমেদ গাজী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নয়। যদি কেউ অবগত করে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের মাধ্যমে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনগত অধিকার সুরক্ষার দাবি জানিয়েছেন মাস্টার জাবের আহমদ গং।
বার্তা পরিবেশক 
























