কক্সবাজারের চাঞ্চল্যকর ঈদগড়-ঈদগাঁও সড়কের ঢালা এলাকায় সংঘটিত ডাকাতির মামলার অন্যতম সন্দেহভাজন আসামি মো. ইমাম হোসেনকে (৩২) গ্রেফতার করেছে এসআরবি-১৫।
২৪ অক্টোবর বিকেলে রামুর ঈদগড় ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে রামুর ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম হাসনাকাটা এলাকায় ‘হাসনাকাটা সবুজ বাংলা যুব সমাজ’ অফিসের সামনে অভিযান চালানো হয়। এই বিশেষ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলার সন্দেহভাজন ডাকাত মো. ইমাম হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মো. ইমাম হোসেন ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনাকাটা এলাকার মৃত মোক্তার আহাম্মদের ছেলে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তিনি গত ১৯ অক্টোবর ঈদগাঁও-ঈদগড় সড়কের ঢালায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ত। এ ঘটনায় এর আগে ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 























