কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় একই দিনে দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে। প্রকাশ্য দিবালোকে ঘটা এসব ঘটনায় ডাকাত দল সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মুঠোফোন, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টা এবং দুপুর আড়াইটার দিকে এই দুটি পৃথক ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে প্রথম দফায় হিমছড়ি ঢালা এলাকায় একটি অটোরিকশার গতিরোধ করে মুখোশধারী সশস্ত্র ডাকাত দল। এরপর দুপুর আড়াইটার দিকে একই স্থানে দ্বিতীয় দফায় আরেকটি অটোরিকশায় হামলা চালায় তারা। উভয় ঘটনায় যাত্রীদের মারধর করে তাদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা এবং সঙ্গে থাকা অন্যান্য মূল্যবান মালামাল ছিনিয়ে নেয় ডাকাতরা। দিনের আলোতে এমন পরপর দুটি ঘটনায় ওই সড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পর পরই পুলিশ তৎপরতা শুরু করেছে। পাহাড়ি এলাকায় অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক: 
























