চট্টগ্রামের লোহাগাড়ায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে জান্নাতুল ফেরদৌস (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকার একটি ভবনের ৪র্থ তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জান্নাতুল ফেরদৌস ঢাকার সায়েদাবাদ এলাকার বাসিন্দা বাবুল ও মাহমুদা আক্তার বিউটির মেয়ে। সে মায়ের সঙ্গে লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকায় বাবরের মালিকানাধীন একটি ভাড়া বাসায় থাকতো।
নিহতের মা মাহমুদা আক্তার বিউটি জানান, শনিবার সন্ধ্যায় মেয়ের সঙ্গে একসঙ্গে নাশতা করেন তাঁরা। পরে রাত সাড়ে ৭টার দিকে তিনি টেলিভিশনে ধারাবাহিক নাটক দেখছিলেন। প্রায় আধা ঘণ্টা পর মেয়ের কক্ষের দিকে গেলে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজার ছোট ছিদ্র দিয়ে উঁকি দিয়ে মেয়েকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে বিষয়টি জানাজানি হয়।
নিহতের মায়ের দাবি, সাইমন নামে এক যুবকের সঙ্গে তাঁর মেয়ের কিছুদিন ধরে সম্পর্ক ছিল। ঘটনার দিনও ওই যুবকের সঙ্গে মেয়ে ফোনে কথা বলছিল বলে তিনি জানতে পেরেছেন। ওই যুবকের সঙ্গে অভিমান করে মেয়ে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, জান্নাতুল ফেরদৌসের বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়েছে। এরপর তাঁর মা বিশাল মাহমুদ নামে খাগড়াছড়ির এক ব্যক্তিকে বিয়ে করেন। মায়ের দ্বিতীয় সংসারে আরও এক কন্যাসন্তান রয়েছে। জান্নাতুলের এক ভাই বাবার সঙ্গে থাকে। অন্যদিকে জান্নাতুল মায়ের সঙ্গে লোহাগাড়ার ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটন জানান, ভবনমালিক ফোন করে তাঁকে ঘটনাটি জানান। খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে থানা-পুলিশকে অবহিত করেন এবং ঘটনাস্থলে যান। পরে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে কিশোরীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন জানান, ভাড়া বাসা থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
লোহাগাড়া প্রতিনিধি: 





















