কক্সবাজারে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রমের আওতায় ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)’ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, কক্সবাজারের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চাকরির পিছে না ঘুরে একজন সফল উদ্যোক্তা হয়ে নিজেই চাকরির ক্ষেত্র তৈরি করা যায়। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কারিগরি শিক্ষার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিচ্ছে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পক্ষ থেকে যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে তা সফলভাবে শেষ করে স্বাবলম্বী হয়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহবান জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম খানসহ শিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে ৬ মাসের প্রশিক্ষণ কর্মসূচির চারটি বিভাগে ৮০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছে।
এ প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক কর্মদক্ষতা বৃদ্ধি এবং প্রাক-বৃত্তিমূলক শিক্ষার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশিক্ষণটি অংশগ্রহণকারীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং ভবিষ্যতে কর্মমুখী শিক্ষার সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নিজস্ব প্রতিবেদক 



















