উখিয়া থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর সাইমুল ইসলাম সিফাত (১২) নামের এক মাদ্রাসাছাত্রকে টেকনাফ থেকে উদ্ধার করেছে এসআরবি-১৫। এ সময় অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক।
জানা গেছে, ১৪ অক্টোবর উখিয়া থানা এলাকা থেকে ওই মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জিডির সূত্র ধরে এসআরবি-১৫ উদ্ধার অভিযান ও গোয়েন্দা তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় গত ১৬ অক্টোবর সন্ধ্যায় টেকনাফ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সেই নিখোঁজ ছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে টেকনাফের কচ্ছপিয়া এলাকার জাকির হোসেন (৩৫) ও পানখালী এলাকার ফরিদ আলম (২৮)-কে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় অপরাধে ব্যবহৃত দুটি মোবাইল ফোন।
এসআরবি-১৫ জানায়, উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 























