উখিয়ার বহুল আলোচিত মানবপাচার ও ১৫ বছর বয়সী কিশোর হুমায়ুন কবির হত্যা মামলার আসামি আলী আহমদকে (৪০) গ্রেফতার করেছে এসআরবি-১৫।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে এসআরবি-১৫ এর একটি দল অভিযান চালিয়ে মরিচ্যা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলী আহমদ রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া (২ নং ওয়ার্ড) এলাকার মৃত সোনা আলীর ছেলে।
জানা গেছে, রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার কিশোর হুমায়ুন কবিরকে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে একটি মানবপাচারকারী চক্র অবৈধ উপায়ে সাগরপথে নিয়ে যায়। স্বজনেরা বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ জানালে চক্রটি ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে কিশোর হুমায়ুনের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয় এবং মরদেহ সাগরে ভাসিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 























