টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৭ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫, এসআরবি-১৫।
শুক্রবার বিকেলে টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তার ভিত্তিতে একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকার মো. ইব্রাহিমের বাড়িতে অসহায় কিছু মানুষকে জবরদস্তিমূলকভাবে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে জড়ো করেছে, এমন তথ্যের ভিত্তিতে বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে উক্ত বাড়িতে আভিযান চালানো হয়।
আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়। এসময় ঘরের ভেতরে আটকে রাখা ১৭ জন ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ঘটনার পর পলাতক ও অজ্ঞাতনামা পাচারকারীদের শনাক্ত ও গ্রেফতারে এসআরবি-১৫-এর গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে ভিকটিমদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 
























