কক্সবাজারের পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে পেকুয়া পৌরসভার এবিসি আঞ্চলিক মহাসড়কের নন্দীরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা হেলাল উদ্দিন নামে আরেক যুবক আহত হয়েছেন।
নিহত মানিক উপজেলার টৈটং ইউনিয়নের সোনাইছড়ি নতুনপাড়া এলাকার মোক্তার আহমদের ছেলে। তিনি পেকুয়া বাজারস্থ জেনারেল হাসপাতালের ফার্মেসির দায়িত্বে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মোটরসাইকেলযোগে পেকুয়া বাজার থেকে নন্দীরপাড়ার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন মানিক। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মঙ্গলবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 























