রামুতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং একটি বড় ধারালো দা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাব জানায়, সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে রামু থানার কাওয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উখিয়াঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়।
মাদকসহ এক ব্যক্তি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তল্লাশি অভিযান পরিচালনা করে র্যাবের দলটি। অভিযান চলাকালীন একটি বসতবাড়ির লাগোয়া গোয়ালঘরের ফাঁকা স্থানে ময়লার স্তূপের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় সাড়ে ৫৩ ইঞ্চি দৈর্ঘ্যের একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং ৩৪ ইঞ্চি দৈর্ঘ্যের একটি কাঠের হাতলযুক্ত ধারালো দা উদ্ধার করা হয়।
তবে অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।
নিজস্ব প্রতিবেদক: 
























