বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে।
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জাতীয় এক গণমাধ্যম কে নিশ্চিত করে বলেন, ‘কয়েক বছর আগে সিলেটে আগাম বন্যা হয়। ফেনী বন্যায় তলিয়ে যায়। এসব বিষয় নিয়ে যুক্তরাজ্যে থাকাবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভেবেছেন। বিশ্বের কোথায় কোথায় এ সমস্যা রয়েছে। তার সমাধান কীভাবে হয়েছে, তা নিয়ে ভেবেছেন। সংশ্লিষ্ট অভিজ্ঞদের পরামর্শ নিয়েছেন। তিনি নির্বাচনী প্রতিশ্রুতিতে খাল খনন কর্মসূচির কথা বলেছেন। এর ধারাবাহিকতায় ক্ষমতায় এসে সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় খাল খনন কর্মসূচি অন্তর্ভুক্ত করেছেন তিনি; ১৬ মার্চ আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন। আমরা সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। প্রধানমন্ত্রী নিজেই কোদাল হাতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।’
সেই গণমাধ্যমের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গতকাল বলেন, ‘সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা করেছে। ১৬ মার্চ প্রধানমন্ত্রী কর্মসূচি উদ্বোধন করবেন। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নিজে কোদাল নিয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারণাকালে খাল খননের কর্মসূচি শুরুর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।’
প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় এ কর্মসূচি শুরু হবে। আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করবেন।
একইসঙ্গে আরও ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যগণ সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন।
বিএনপি নেতারা জানিয়েছেন, জিয়াউর রহমান ১৯৭৭ সালে ব্যক্তিগতভাবে মাটি কেটে এ কর্মসূচির উদ্বোধন করেছিলেন। ১৯৭৯ সালে নেত্রকোনার তিলকখালিতে ও দেশের বিভিন্ন স্থানে সশরীরে উপস্থিত ছিলেন তিনি। এর ফলে ১৯৮০ সালে খাদ্য উৎপাদন ব্যাপক বৃদ্ধি পেয়েছিল।
এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে; কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবে। একইসঙ্গে ভূ-উপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরতা হ্রাস পাবে; যার ফলে খরা, বন্যা ও জলাবদ্ধতা হ্রাসে সহায়ক হবে।
টিটিএন ডেস্ক : 
























