টেকনাফে দুটি পৃথক অভিযানে ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে এআরবি-১৫। সোমবার (০৫ অক্টোবর) ভোররাত ও সকালে এ দুটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়ার মৃত আব্দুল হাকিমের ছেলে মো. ইদ্রিস (৪০), এবং বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার সুলতান আহমদের ছেলে মো. রিয়াজ (২৩) ও নুরুল আলমের ছেলে আতাউর রহমান (২৪)।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ও বিজিবির একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়ার ৪ নম্বর ব্রিজের সুইচ গেট এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ৩ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিসকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে বেলা সাড়ে ১১টার দিকে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আরেকটি দল টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার থেকে ২ লক্ষ পিস ইয়াবাসহ মো. রিয়াজ ও আতাউর রহমানকে গ্রেফতার করে।
এসআরবি -১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, সীমান্ত দিয়ে ইয়াবার বড় চালান এনে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল একটি চক্র। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিজস্ব প্রতিবেদক: 























